সুনামগঞ্জের ছাতক উপজেলার মনিয়াসের গ্রামে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক রাজমিস্ত্রি ঠিকাদারকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম আব্দুস সামাদ। তিনি ওই গ্রামের বাসিন্দা ও পেশায় একজন রাজমিস্ত্রি ঠিকাদার।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আফতাব উদ্দিনের ছেলে শরীফ উদ্দিন আব্দুস সামাদের বড় মেয়ে মুসলিমা বেগমকে বিয়ের প্রস্তাব দেয়। তবে পারিবারিক কারণে আব্দুস সামাদ এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে আফতাব উদ্দিন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
পরিবারের তথ্য অনুযায়ী, আব্দুস সামাদ একজন ধার্মিক মানুষ। প্রতিদিনের মতো আজ ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে নামাজ আদায়ের জন্য বাড়ির পাশের মসজিদের দিকে রওনা হন। মসজিদে পৌঁছানোর আগেই অজ্ঞাত এক ব্যক্তি হঠাৎ তাকে রামদা দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তার ছেলে মাহফুজ আলম দ্রুত তাকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

