সুনামগঞ্জের ছাতক উপজেলার বাগইন গ্রামের বাসিন্দা ও যুবলীগ কর্মী আব্দুল বাছিতের বাড়িতে হামলা, ভাঙচুর এবং তার বিরুদ্ধে 'মিথ্যা' মামলার অভিযোগ তুলেছেন তার মা মোছা. ছায়ারুন নেছা। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির কারণে তার ছেলে চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন বলে তিনি দাবি করেছেন।
আব্দুল বাছিতের পরিবার সূত্রে জানা গেছে, বাগইন গ্রামের আব্দুল খালিকের ছেলে আব্দুল বাছিত দীর্ঘ দিন ধরে সিলেটে স্থায়ীভাবে বসবাস করছেন এবং আওয়ামী যুবলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটে। ছায়ারুন নেছার অভিযোগ, সরকার পতনের পর স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও জামায়াতের নেতাকর্মীরা তার বাড়িতে এসে আব্দুল বাছিতকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করা হয়।
ছায়ারুন নেছা দাবি করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হচ্ছে। এই ধারাবাহিকতায় তার ছেলেকেও একটি মামলায় আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, আমার ছেলে আব্দুল বাছিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় বর্তমানে তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে সে দেশে ফিরলে জুলুম, নির্যাতন ও গ্রেফতারের শিকার হতে পারে। এমনকি তার সর্বোচ্চ সাজা হওয়ার আশঙ্কাও রয়েছে। এই অবস্থায় তার জন্য দেশে আসা মোটেও নিরাপদ নয়।

