সিলেট নগরীর শাহপরাণ এলাকায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে টিলাগড় এলাকার বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. হাফিজুর রহমান লস্কর শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং আব্দুল জব্বার লস্করের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকটি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি শাহপরাণ এলাকায় এসে হাফিজুর রহমানের বাসার সামনে অবস্থান নেয়। পরে তারা বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ঘটনাস্থল ত্যাগ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় হাফিজুর রহমান লস্করের বাসায় হামলার ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। তবে হামলার ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

.jpeg)