![]() |
| বাড়িঘর ভাংচুরের ছবি |
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসী অনন্ত গোপের বাড়িতে হামলা, ভাঙচুর ও তাঁর পরিবারের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী অনন্ত গোপের পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে স্থানীয় বিএনপির কিছু লোকজন অনন্ত গোপের বাড়িতে গিয়ে তাঁকে খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় বাড়িতে তাঁর বোন ও বোনের ছেলে উপস্থিত ছিলেন। অনন্ত গোপ দেশের বাইরে অবস্থান করছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হলে হামলাকারীরা জানতে চায়, তিনি কবে দেশে ফিরবেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ সময় তারা হুমকি দিয়ে বলে, অনন্ত গোপ দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনীতি করা এবং স্থানীয় মৌলানাদের কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার উপযুক্ত জবাব দেওয়া হবে। একপর্যায়ে তারা বাড়িঘরে ভাঙচুর চালায়। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার পর থেকে অনন্ত গোপের বোন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিবারের আশঙ্কা, অনন্ত গোপ দেশে ফিরলে তাঁকে প্রাণনাশের মতো পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে।
এ অবস্থায় প্রবাসী অনন্ত গোপ ও তাঁর পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে পরিবারের পক্ষ থেকে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

